‘কেজিএফ’ খ্যাত অভিনেতা দিনেশ মাঙ্গালো মারা গেছেন
‘কেজিএফ’ খ্যাত কন্নড় অভিনেতা দিনেশ মাঙ্গালো আর নেই। সোমবার (২৫ আগস্ট) ভোরে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর শুটিং চলাকালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হলেও এক সপ্তাহ পর আবারও মস্তিষ্কে রক্তক্ষরণে ভুগতে শুরু করেন। পরে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দিনেশ মাঙ্গালোর মরদেহ সোমবার সন্ধ্যায় উডুপির বাড়িতে নেওয়া হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এরপর সুমনাহল্লি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
অভিনেতার মৃত্যুতে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন।
দিনেশ মাঙ্গালোর জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’ ও ‘কিরিক পার্টি’। তবে সবচেয়ে বেশি পরিচিতি পান ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ বোম্বের ডন শেঠির চরিত্রে অভিনয়ের মাধ্যমে।