#GS24166
বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসে অবশেষে বাগদান সম্পন্ন করেছেন। গত দুই বছর ধরে প্রকাশ্যেই প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। মঙ্গলবার (২৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে তারা সুখবরটি জানান।
ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা ফুলে ভরা পরিবেশে টেলর ও কেলসে হাসিমুখে পোজ দিচ্ছেন। আংটিটি ডিজাইন করেছেন নিউইয়র্কভিত্তিক ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারি-এর ডিজাইনার কিনড্রেড লুবেক। ক্যাপশনে টেলর মজার ছলে লেখেন, “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।”
বাগদানের খবর প্রকাশ হতেই গুগলে টেলর সুইফটের নাম লিখলেই কনফেটি ঝরে পড়তে শুরু করে—যা ভক্তদের জন্য বাড়তি আনন্দ যোগ করেছে। এনএফএলসহ অসংখ্য সেলিব্রিটি তাদের অভিনন্দন জানিয়েছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন, “কেলসে দুর্দান্ত খেলোয়াড়, টেলর অসাধারণ শিল্পী—তাদের জন্য শুভকামনা।”
টেলর ও কেলসের প্রেমের যাত্রা শুরু হয় ২০২৩ সালে। প্রথম আলোচনায় আসেন ‘নিউ হাইটস’ পডকাস্টে টেলরের নাম উল্লেখের পর। একই বছর জুলাইয়ে টেলরের এরাস ট্যুর কনসার্টে কেলসের উপস্থিতি ভক্তদের মধ্যে আলোড়ন তোলে। সেপ্টেম্বরে টেলরকে দেখা যায় কেলসের খেলার মাঠে তার মায়ের পাশে বসে। পরে সেটারডে নাইট লাইভ শো-তে একসঙ্গে হাজির হয়ে তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্ক প্রকাশ করেন।
এরপর থেকে একাধিকবার আলোচনায় আসেন তারা। ২০২৪ সালে কেলসের সুপার বোল জয়ের পর মাঠে তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয়। এমনকি টেলর নিজের জনপ্রিয় গান কার্মা-তে কেলসের নামও যুক্ত করেন।