প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচরা বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছায় এবং দুপুর ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেয়। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।
এই সিরিজটি আইসিসির মূল ভবিষ্যৎ সফর সূচির বাইরে আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেই সিরিজটি আয়োজন করা হয়েছে।
এর আগে নেদারল্যান্ডস দুইবার বাংলাদেশ সফর করলেও তা দ্বিপাক্ষিক সিরিজ ছিল না। ২০১১ সালের বিশ্বকাপে তারা বাংলাদেশের বিপক্ষে খেলেছিল, আর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা ঢাকায় সাতটি ম্যাচ খেললেও বাংলাদেশের মুখোমুখি হয়নি।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত দুই দলের মধ্যে পাঁচবার মোকাবিলা হয়েছে। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ, আর একবার নিজেদের মাঠে জয় পায় নেদারল্যান্ডস (২০১২ সালে)।
৩০ আগস্ট মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।