নগদে নতুন বিনিয়োগকারী আসছে, পোস্ট অফিসের সক্ষমতা নেই: বাংলাদেশ ব্যাংক গভর্নর
মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’কে স্বতন্ত্র বিনিয়োগকারীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “নগদ পরিচালনার মতো সক্ষমতা পোস্ট অফিসের নেই। তাই সপ্তাহখানেকের মধ্যে নতুন বিনিয়োগকারী খুঁজতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে মাস্টারকার্ড ও আইসিএমএবি আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিট-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
গভর্নর আরও বলেন, আন্তঃলেনদেন ব্যবস্থার বিষয়ে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গে আলোচনা চলছে। আগামী মাসে তারা বাংলাদেশ সফরে আসবে। একই সঙ্গে শিগগিরই বেসরকারি খাতের ক্রেডিট ব্যুরো অনুমোদন দেওয়া হবে এবং প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে অনুমোদনের কথা ভাবা হচ্ছে।
তিনি জানান, ভবিষ্যতে যাদের ট্রেডলাইসেন্স দেওয়া হবে প্রত্যেকের জন্য কিউআর কোড বাধ্যতামূলক করার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ এখন আর্থিক রূপান্তরের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ক্যাশলেস অর্থনীতি আর ভবিষ্যতের লক্ষ্য নয়, বরং বর্তমানের জরুরি বাস্তবতা।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ক্যাশলেস সোসাইটি উদ্ভাবনকে ত্বরান্বিত করে, দক্ষতা বাড়ায় এবং সর্বস্তরে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে।
উদ্বোধনী আলোচনায় ‘ক্যাশলেস অর্থনীতি গঠনে ফিনটেকের ভূমিকা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ।