কোচ বনাম ম্যানেজার: আধুনিক ফুটবলে বদলে যাওয়া ভূমিকা
ফুটবল দলের পরিচালনায় দুই ভূমিকা সবসময় আলোচনায় থাকে—ম্যানেজার ও হেড কোচ। কোনো ক্লাবে হেড কোচের কাজ সীমিত থাকে খেলার কৌশল, অনুশীলন এবং খেলোয়াড়দের পারফরম্যান্স দেখভালে। আবার অনেক ক্লাবে ম্যানেজারই দলের সব কিছুর নিয়ন্ত্রক—খেলোয়াড় কেনা থেকে শুরু করে ক্লাবের বড় সিদ্ধান্ত পর্যন্ত।
এই বিভাজন ক্লাবভেদে আলাদা। কখনো ম্যানেজার কোচের কাজও সামলান, আবার কোনো কোনো ক্লাবে কোচের কাঁধেই কিছু ম্যানেজারিয়াল দায়িত্ব পড়ে।
উয়েফা লাইসেন্সধারী কোচ পেদ্রো মেন্ডোকা বলেন,
“কোচ মূলত মাঠের ভেতরের বিষয়গুলোতেই মনোযোগ দেন—প্রতিপক্ষ বিশ্লেষণ, অনুশীলনের কৌশল, এবং পরের ম্যাচ জেতার পরিকল্পনা। অন্যদিকে ম্যানেজার শুধু অনুশীলন নয়, দল গঠন, অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড় কেনাবেচা ও স্কাউটিংয়েও যুক্ত থাকেন।”
ইউরোপে এই ভিন্নতা বেশ স্পষ্ট। রিয়াল মাদ্রিদে ট্রান্সফার নীতির দায়িত্ব থাকে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের হাতে, ফলে কোচ শুধুই কৌশলে মন দেন। বিপরীতে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাবের প্রায় সব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতেন।
কোচ থেকে ম্যানেজার হওয়ার যাত্রা
ক্যারিয়ারের শুরুতে বেশির ভাগ কোচ মাঠের খুঁটিনাটিতে সময় দেন। বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তারা ধীরে ধীরে ম্যানেজারের ভূমিকায় রূপ নেন। উদাহরণ হিসেবে জোসে মরিনহোর নাম উল্লেখ করা যায়। শুরুর দিকে তিনি অনুশীলনের প্রতিটি অংশ সামলাতেন, পরবর্তীতে দায়িত্ব ভাগ করে দেন এবং ট্রান্সফার ও আলোচনায় সরাসরি যুক্ত হন।
জার্মানির ‘রেড বুল’ মডেল
আধুনিক ফুটবলে আর্থিক চাপের কারণে নতুন কাঠামো তৈরি হয়েছে। জার্মানির আরবি লাইপজিগে ম্যানেজাররা ধীরে ধীরে হয়ে উঠছেন স্পোর্টিং ডিরেক্টর। এতে দায়িত্ব ভাগ হয়, পাশাপাশি নতুন দৃষ্টিভঙ্গি যোগ হয়।
ফুটবল বিশ্লেষক জাসমিন বাবা বলেন,
“রেড বুল মডেল ফুটবলে বড় প্রভাব ফেলেছে। তাদের খেলা দ্রুত রূপান্তর–ভিত্তিক—আক্রমণ থেকে রক্ষণ, কিংবা রক্ষণ থেকে আক্রমণে মুহূর্তেই খেলার চিত্র বদলে যায়।”
বদলে যাওয়া ফুটবল
এখন ফুটবল শুধু কোচ ও ম্যানেজারের মধ্যে সীমাবদ্ধ নয়। যুক্ত হয়েছে স্পোর্টস সায়েন্স বিভাগ, পুষ্টিবিদ, বিশ্লেষক ও ট্রেনিং বিশেষজ্ঞরা। সাবেক ব্রিস্টল রোভার্স কোচ অ্যান্ডি ম্যানগান বলেন,
“ফুটবল এখন সম্পূর্ণ বদলে গেছে। প্রতিটি ক্লাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে শুরু করে খেলোয়াড়দের খাদ্যাভ্যাস পর্যন্ত দেখভালের জন্য আলাদা টিম কাজ করছে।”