অস্কারের পথে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’
বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’ মর্যাদাপূর্ণ অস্কার কোয়ালিফায়িং উৎসব রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল-এ পুরস্কৃত হয়েছে। বিজন ইমতিয়াজ পরিচালিত এবং নুহাশ হুমায়ূনের গল্পে নির্মিত ছবিটি উৎসবের ‘অল্টারনেটিভ স্পিরিট’ বিভাগে গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছে।
১৭ মিনিট দৈর্ঘ্যের ছবিটি অস্কারের মনোনয়নের পথে এক ধাপ এগিয়ে গেল।
চলচ্চিত্র নির্মাতা বিজন ইমতিয়াজ এ বিষয়ে বলেন, “ছবির ফলাফল নিয়ে আমার মাথাব্যথা নেই। কেউ পছন্দ করলে ভালো, অপছন্দ করলেও সই।”
ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। মূল কাহিনি মানুষের অন্তর্নিহিত ভিন্ন সত্তা নিয়ে। কাশেম যখন নিজের ভেতরের ভিন্ন সত্তাকে আবিষ্কার করে, তখন তার জীবনে যে আলোড়ন তৈরি হয় এবং সেটি সামলানোর চেষ্টা—এটাই সিনেমার কেন্দ্রীয় গল্প।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু ও তনুশ্রী কারকুন। চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন, সহলেখক হিসেবে যুক্ত ছিলেন নির্মাতা বিজনও।
ছবিটির প্রযোজক আরিফুর রহমান ও নুহাশ হুমায়ূন।