মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › খেলা › মেসির জোড়া গোল, ইন্টার মায়ামি ফাইনালে

মেসির জোড়া গোল, ইন্টার মায়ামি ফাইনালে

favicon
অনলাইন সংস্করণ
মেসির জোড়া গোল, ইন্টার মায়ামি ফাইনালে

চোট কাটিয়ে মাঠে ফিরেই আলো ছড়ালেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা। দুজনের দুর্দান্ত বোঝাপড়া আবারও মনে করিয়ে দিল বার্সেলোনার সোনালি দিন।


ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসির জোড়া গোল আর লুইস সুয়ারেজ ও তেলেসকো সেগোভিয়ার সমন্বয়ে আসা আরেকটি গোলে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছেছে ইন্টার মায়ামি।


ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখালেও প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করে বসে মায়ামি। ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনের ভুলে সুযোগ পেয়ে অরল্যান্ডোর মার্কো পাসালিচ জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন।


৭৫ মিনিটে সমতায় ফেরে মায়ামি। বক্সে ফাউল থেকে পাওয়া পেনাল্টি নিখুঁতভাবে গোলকিপারের বাঁ পাশে পাঠান মেসি। ৮৮ মিনিটে আলবার সঙ্গে চোখ ধাঁধানো বোঝাপড়ায় বাঁ পায়ের শটে জালে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা। এ বছর মায়ামির হয়ে ৩৩ ম্যাচে এটি ছিল মেসির ২৭তম গোল।


অতিরিক্ত সময়ে আসে তৃতীয় গোল। লুইস সুয়ারেজের পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া। ফলে ৩–১ ব্যবধানে জিতে ফাইনালে উঠল ইন্টার মায়ামি।


রোববারের ফাইনালে মায়ামির প্রতিপক্ষ হবে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সিয়াটল সাউন্ডার্সের মধ্যে বিজয়ী দল। একই সঙ্গে এই জয়ের মধ্য দিয়ে আগামী মৌসুমের কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।