বুয়েটে স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত, একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হবে পরবর্তী ব্যবস্থা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে নেওয়া হবে।
উল্লেখ্য, বুয়েটসহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। পরে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।
এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন।