সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › খুলনায় সবজির বাজারে অস্থিরতা: বেশিরভাগ সবজির দাম ৭০ টাকার ওপরে

খুলনায় সবজির বাজারে অস্থিরতা: বেশিরভাগ সবজির দাম ৭০ টাকার ওপরে

favicon
অনলাইন সংস্করণ
খুলনায় সবজির বাজারে অস্থিরতা: বেশিরভাগ সবজির দাম ৭০ টাকার ওপরে

খুলনায় সবজির বাজারে চলছে চরম অস্থিরতা। টানা এক মাসেরও বেশি সময় ধরে দাম বাড়লেও কমার কোনো লক্ষণ নেই। এখন পেঁপে ছাড়া কোনো সবজিই ৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না, ফলে সাধারণ মানুষের জন্য নিত্যপণ্য কেনা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) নতুন বাজার, মিস্ত্রিপাড়া ও গল্লামারি বাজার ঘুরে দেখা গেছে, লাউ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ১৩০ টাকা, ঝিঙে ৮০ টাকা, পটল ৭০ টাকা ও টমেটো ১৮০ টাকা। এছাড়া উচ্ছে ৮০ টাকা, বরবটি ৯০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা এবং কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ স্পষ্ট। গৃহিণী শিরিন আক্তার অভিযোগ করে বলেন, “এখন সামান্য বাজার করতেই হাজার টাকা লেগে যায়। আগে তিন-চার রকম সবজি কিনতে পারতাম, এখন বাধ্য হয়ে এক-দুটো নিয়ে ফিরতে হয়।” চাকরিজীবী খায়রুল ইসলাম জানান, “বাজারে গেলে মনে হয় সাধারণ মানুষের কিছু কেনার ক্ষমতাই থাকবে না। সন্তানদের পছন্দের সবজি কিনতে না পারাটা কষ্টকর।

অন্যদিকে বিক্রেতারা দায় দিচ্ছেন সরবরাহ সংকট ও খরচ বৃদ্ধিকে। মিস্ত্রিপাড়া বাজারের বিক্রেতা মনিরুল হক বলেন, “চাষিরা ঠিকমতো সরবরাহ দিতে পারছে না, পরিবহন খরচ বেড়েছে, বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে—এ অবস্থায় দাম কমানো সম্ভব নয়।” আরেক বিক্রেতা শাহিন মোল্লা জানান, “আমরাও সমস্যায় আছি। পাইকারি বাজারেই দাম বেশি, ক্রেতাদের চাপ আমরা বুঝি কিন্তু ব্যবসা টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ।”

সবজির পাশাপাশি চালের বাজারেও স্বস্তি নেই। ভারত থেকে চাল আমদানি হলেও খুলনার বাজারে এর কোনো প্রভাব পড়েনি। শুধু আটাশ বালাম চালের দাম সামান্য কমলেও মিনিকেট চালের দাম কেজি প্রতি ৭০ থেকে ৮৫ টাকার মধ্যে রয়ে গেছে।

গৃহিণীরা বলছেন, সবজি, চাল, ডাল ও মাছ—সব কিছুর দাম একসঙ্গে বাড়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। মিস্ত্রিপাড়া এলাকার গৃহবধূ সালমা বেগম বলেন, “আগে মাসে যে টাকায় বাজার হতো, এখন সেই টাকায় অর্ধেকও হয় না। সংসার, বাচ্চাদের পড়াশোনা—সব সামলাতে হিমশিম খেতে হচ্ছে।