বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › ষড়যন্ত্রমূলক বক্তব্যের অভিযোগে সাবেক মন্ত্রী কারাগারে

ষড়যন্ত্রমূলক বক্তব্যের অভিযোগে সাবেক মন্ত্রী কারাগারে

favicon
অনলাইন সংস্করণ
ষড়যন্ত্রমূলক বক্তব্যের অভিযোগে সাবেক মন্ত্রী কারাগারে

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

এদিন সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের জেল হাজতে রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, আব্দুল লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে বক্তব্য দিয়ে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন এবং অন্যদেরও প্ররোচিত করেছিলেন। এতে উপস্থিত জনতা তাদের বিরুদ্ধে স্লোগান দেয়।

তদন্ত কর্মকর্তার দাবি, আসামিরা পরস্পর সহযোগিতায় সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন। তদন্তাধীন মামলাটি সুষ্ঠু সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং আসামিদের নাম-ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত জেল হাজতে রাখা জরুরি। পাশাপাশি, ভবিষ্যতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদনও করা হবে।

আসামিপক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিহত ও ষড়যন্ত্র মোকাবিলার লক্ষ্য নিয়ে ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এর অংশ হিসেবে ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল।