দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, ফের বিতর্কে প্রাক্তন জুটি
টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি দীর্ঘদিন প্রেম করেছেন। কিন্তু সেই সম্পর্কের সমাপ্তি সুখকর হয়নি। এক দশক পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে অভিনয় করলেও, সম্পর্কের বরফ গললো না। বরং সাম্প্রতিক সময়ে দেবের মন্তব্য ঘিরে ফের তৈরি হলো বিতর্ক।
গত ১৪ আগস্ট মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ বক্স অফিসে সাফল্য পেলেও, দেবের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে শুরু হয় নতুন করে টানাপোড়েন। প্রশ্ন করা হয়েছিল, সিনেমাটি যদি এখন তৈরি হতো, তবে শুভশ্রীকে আবারও নায়িকা হিসেবে কাস্ট করতেন কি না? দেবের উত্তর ছিল দ্বিধাজড়িত—
তিনি বলেন, “এটা নির্ভর করছে শুভশ্রী কোন অবস্থায় থাকত। যদি বিবাহিত হয়ে দুই সন্তানের মা হতো, তবে আমার চরিত্র তার বয়সের সঙ্গে মানাত কি না, সেটা দেখতে হতো। প্রথম ছবি হলে হয়তো হিরোইন করতাম, নইলে অন্য কোনো চরিত্র অফার করতাম।
দেবের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বিভক্ত হয়ে পড়েন। অনেকে এটিকে বাস্তববাদী মন্তব্য বলেছেন, আবার অনেকেই শুভশ্রীর প্রতি অসম্মানজনক বলে সমালোচনা করেছেন।
প্রশ্ন করা হলে শুভশ্রী প্রতিক্রিয়ায় বলেন, “একজন সেন্সিবল মানুষ কীভাবে এ ধরনের মন্তব্য করতে পারে, আমি বুঝি না। পার্শ্ব চরিত্র করাতে আমার আপত্তি নেই, আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটাই আসল। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে একজন সহ-অভিনেত্রীর সঙ্গে সিনেমার প্রচার চলাকালীন এভাবে অসম্মান করা ঠিক হয়নি।”
উল্লেখ্য, দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০২০ সালে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে, দেব বর্তমানে অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে সম্পর্কে আছেন।