চ্যাম্পিয়নস লিগের ড্র: কঠিন গ্রুপে রিয়াল ও বার্সা
চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে কঠিন প্রতিপক্ষ পেয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। বৃহস্পতিবার রাতে মোনাকোতে অনুষ্ঠিত ড্র-তে রিয়াল মাদ্রিদ পড়েছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, বেনফিকা ও মোনাকোর মতো শক্তিশালী দলের গ্রুপে। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে নামতে হবে লস ব্লাংকোদের।
অন্যদিকে, বার্সেলোনার জন্য অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ। তারা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি, পাশাপাশি নিউক্যাসল ইউনাইটেড, অলিম্পিয়াকোস ও ফ্রাংকফুর্টকে।
শিরোপা ধরে রাখার মিশনে পিএসজি পড়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন ও টটেনহামের বিপক্ষে। বায়ার্নকেও খেলতে হবে আর্সেনাল, চেলসি ও লিসবনের সঙ্গে।
ইংলিশ জায়ান্ট আর্সেনাল পেয়েছে ইন্টার মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ ও বায়ার্নের মতো প্রতিপক্ষকে। ম্যানচেস্টার সিটির সামনে থাকবে বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ ও নাপোলি।
৩৬ দলের ফরম্যাটে এবারও জমজমাট লড়াইয়ের আভাস মিলছে ইউরোপের সেরা প্রতিযোগিতায়।