আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা পাকিস্তানের
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে দারুণ জয় পেয়েছে পাকিস্তান। শুক্রবার (২৯ আগস্ট) শারজাহতে আফগানিস্তানকে ৩৯ রানে পরাজিত করে সালমান আগার নেতৃত্বাধীন দল।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫৩ রান আসে সালমান আগার ব্যাট থেকে। এছাড়া নাওয়াজ ১১ বলে ২১ রান করেন। ফখর জামান ও সাইম আয়ুবের জুটি কিছুটা আশার সঞ্চার করলেও আফগান স্পিন আক্রমণের সামনে টিকতে পারেননি তারা। আফগানিস্তানের হয়ে ফরিদ আহমদ ২ উইকেট শিকার করলেও খরচ করেন ৪৭ রান।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা করেছিল আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৭ বলে ৩৮ রান করলেও দলকে এগিয়ে নিতে পারেননি। রশিদ খান কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং ধসে পড়ে আফগানরা।
শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৩ রানে থামে তাদের ইনিংস। পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হারিস রাউফ। তিনি ৩.৫ ওভারে ৩১ রান দিয়ে নেন ৪টি উইকেট। এছাড়া শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও মোহাম্মদ নাওয়াজ পান দুটি করে উইকেট।
উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।