ইডির জিজ্ঞাসাবাদের মুখে টলিউড তারকা অঙ্কুশ হাজরা
অবৈধ অনলাইন বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ বিষয়ে মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে সংস্থাটি। অভিযুক্তদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা ও নেটপ্রভাবী।
এর আগে দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, কপিল শর্মা ও বিজয় দেবরকোন্ডাসহ একাধিক তারকার নাম এ মামলায় উঠে আসে। তবে টলিউড তারকাদের মধ্যে অঙ্কুশের নামই প্রথমবার যুক্ত হলো।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পূজার আগেই অঙ্কুশ হাজরাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা এসব অ্যাপের প্রচারের বিনিময়ে আর্থিক সুবিধা নিয়েছেন।
তদন্তকারীরা ধারণা করছেন, অবৈধ এই বেটিং অ্যাপগুলোর মাধ্যমে কয়েক কোটি টাকা উপার্জন করা হয়েছে, যা হাওয়ালা চক্রের মাধ্যমে পাচার করা হয়েছে।