বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › যাত্রাবাড়ী হত্যা মামলা: রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি

যাত্রাবাড়ী হত্যা মামলা: রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি

favicon
অনলাইন সংস্করণ
যাত্রাবাড়ী হত্যা মামলা: রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।


এর আগে, গত ২৪ আগস্ট বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে। পরদিন (২৫ আগস্ট) বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আসাদুল হক বাবু হত্যা মামলায় আদালতে হাজির করা হয় তাকে। এরপর তার সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন নামঞ্জুর করেন।


মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেন আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের গুলিতে আহত হয়ে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। তালিকায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদির নামও রয়েছে।


এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।