এক বছরেই রাজস্থান কোচের পদ ছাড়লেন দ্রাবিড়
রাজস্থান রয়্যালসের সঙ্গে রাহুল দ্রাবিড়ের সম্পর্ক আর টিকল না। এক বছর দায়িত্ব পালনের পরই ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের পদ ছাড়লেন ভারতের সাবেক অধিনায়ক। শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস।
রাজস্থান তাদের বিবৃতিতে জানায়, “২০২৬ আইপিএলের আগে রাহুল দ্রাবিড় তার মেয়াদ শেষ করেছেন। বহু বছর ধরে রাজস্থানের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তরুণদের অনুপ্রেরণা দিয়েছেন, দলে দৃঢ় মূল্যবোধ ছড়িয়ে দিয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিতে অমোচনীয় ছাপ রেখেছেন।”
২০২৬ আইপিএল সামনে রেখে রাজস্থান তাকে আরও বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে দ্রাবিড় তা গ্রহণ না করে উল্টো প্রধান কোচের পদ থেকেই সরে দাঁড়ালেন।
এর আগে ২০১১ সালে খেলোয়াড় হিসেবে রাজস্থানে যোগ দেন দ্রাবিড়। শেষ দুই মৌসুমে (২০১২ ও ২০১৩) অধিনায়কত্ব করেন এবং সেই বছরই অবসরে যান। পরবর্তীতে তিনি রাজস্থানের টিম ডিরেক্টর, মেন্টর এবং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক শেষ করে আবারও রাজস্থানে যোগ দিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় দফার এই সম্পর্ক স্থায়ী হলো মাত্র এক বছরের জন্য। এর আগে গত মাসেই কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের পদ ছেড়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত।