নেভেসের হ্যাটট্রিক, দেম্বেলের জোড়া গোল—তুলুজকে উড়িয়ে লিগ আঁয়ের শীর্ষে পিএসজি
লিগ আঁয়ে গোলের উৎসব করল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে তুলুজকে ৬-৩ ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথম আধা ঘণ্টাতেই চার গোল করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে পিএসজি। দুর্দান্ত ফর্মে থাকা জোয়াও নেভেস করেন হ্যাটট্রিক, আর উসমান দেম্বেলে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন। তরুণ ব্র্যাডলি বারকোলাও পান এক গোলের দেখা।
সপ্তম মিনিটেই সেট পিস থেকে এগিয়ে যায় পিএসজি। দেম্বেলের বাড়ানো বলে বাইসাইকেল কিকে নেভেস গোল করেন। দুই মিনিট পর ফাবিয়ান রুইজের থ্রু বল থেকে ছয় গজ দূরত্বে স্কোরলাইন দ্বিগুণ করেন বারকোলা।
কর্নার থেকে আসা বলে আবারও বাইসাইকেল কিকে গোল করে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলের তৃতীয় গোল যোগ করেন নেভেস। ২৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান দেম্বেলে।
বিরতিতে যাওয়ার আগে চার্লি ক্রেসওয়েলের গোলে ব্যবধান কমায় তুলুজ (৪-১)। তবে দ্বিতীয়ার্ধে আবারও পেনাল্টি থেকে গোল করে দেম্বেলে (৫-১)।
৭৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোড়া ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেস (৬-১)।
শেষ দিকে ইয়ান ও আলেক্সিস দুটি গোল করে ব্যবধান কিছুটা কমালেও (৬-৩) হার এড়াতে পারেনি তুলুজ।
এই জয়ের ফলে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ আঁ টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। অন্যদিকে, মৌসুমের প্রথম হারের স্বাদ পাওয়া তুলুজ ৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।