নেপাল সফরের আগে পূর্ণতা পেল জাতীয় দলের অনুশীলন
জাতীয় ফুটবল দলের অনুশীলন পূর্ণতা পেয়েছে। আগের দিন বসুন্ধরা কিংসের ১০ খেলোয়াড় ক্যাম্পে যোগ দেওয়ায় সোমবার জাতীয় স্টেডিয়ামে পুরো দল নিয়ে অনুশীলন করান স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে অনুশীলন ছাপিয়ে আলোচনায় উঠে আসে ইংলিশ ক্লাব লেস্টার সিটির খেলোয়াড় হামজা চৌধুরীর প্রসঙ্গ।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। তবে এই উইন্ডোতে হামজা খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে কোচ কাবরেরা বলেন, “এটা ম্যানেজমেন্টের বিষয়। তারা দেখছে। দল নেপাল সফরের জন্য প্রস্তুত, হামজা শেষ পর্যন্ত না এলেও সমস্যা হবে না।”
তবে অধিনায়ক তপু বর্মণ ভিন্নমত পোষণ করেন। তার ভাষায়, “আমাদের অনেক কিছু শুরু হয় হামজাকে দিয়ে। সে ব্যস্ততার মাঝেও চেষ্টা করছে আসতে। না এলে কষ্ট হবে, তবে আমাদের মানিয়ে নিতে হবে।”
টিম ম্যানেজার আমের খান জানান, রোববারও হামজার সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনিই সিদ্ধান্ত নেবেন খেলতে পারবেন কিনা।
৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে এই দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নিয়ে তপু বলেন, “নেপাল ও হংকংয়ের খেলার ধরন কাছাকাছি। এই ম্যাচ আমাদের কাজে আসবে।”
৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। হাতে মাত্র পাঁচ দিন থাকলেও তপু মনে করছেন, সমন্বয়ের জন্য এই সময় যথেষ্ট। তবে ভেন্যু নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে তার। যদিও এএফসি দশরথ স্টেডিয়ামে বাছাই আয়োজনের অনুমতি দেয়নি, প্রীতি ম্যাচে কোনো বাধা নেই। ফলে ৬ ও ৯ সেপ্টেম্বরের দুটি ম্যাচই সেখানে অনুষ্ঠিত হবে।