মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ রাজসাক্ষ্য দেবেন সাবেক আইজিপি মামুন
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) জবানবন্দি দেবেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি এ মামলায় রাজসাক্ষী হয়েছেন।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে তার জবানবন্দি রেকর্ড করা হবে।
গত ১০ জুলাই ট্রাইব্যুনালে হাজির হয়ে স্বপ্রণোদিতভাবে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন মামুন। সেদিন তিনি নিজের দায় স্বীকারও করেন।
এ মামলায় ইতোমধ্যে ৩৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের বয়ানে উঠে এসেছে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের বীভৎস বর্ণনা। সাক্ষীরা শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালসহ সংশ্লিষ্টদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গত ১ সেপ্টেম্বর মামলার দশম দিনে ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। তাদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী ছিলেন। আজকের জবানবন্দিও সেই ধারাবাহিকতার অংশ।
এর আগে, গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে।
আট হাজার ৭৪৭ পৃষ্ঠার এই আনুষ্ঠানিক অভিযোগে রয়েছে— দুই হাজার ১৮ পৃষ্ঠার তথ্যসূত্র, চার হাজার পাঁচ পৃষ্ঠার জব্দতালিকা ও দালিলিক প্রমাণ এবং দুই হাজার ৭২৪ পৃষ্ঠার শহীদ তালিকার বিবরণ। এ মামলায় সাক্ষী হিসেবে আছেন মোট ৮১ জন। গত ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।