সুহানা খানের বিরুদ্ধে জমি কেনা নিয়ে আইনি জটিলতা
শাহরুখ খানের পর এবার আইনি জটিলতায় জড়ালেন তার মেয়ে সুহানা খান। কৃষকদের জন্য সংরক্ষিত জমি কেনার অভিযোগে বিপাকে পড়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের আলীগড়ে ১২ কোটিরও বেশি মূল্যে একটি জমি কিনেছেন সুহানা। তবে জমিটি মূলত কৃষকদের কোটাভুক্ত এবং সরকারি মালিকানাধীন ছিল।
তথ্য অনুযায়ী, জমিটি তিন বোন—অঞ্জলি, রেখা ও প্রিয়ার কাছ থেকে কেনেন সুহানা। তারা দাবি করেছেন, জমিটি তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। কিন্তু সরকার জানিয়েছে, কৃষকদের স্বার্থে জমিটি সংরক্ষিত ছিল।
ইতিমধ্যে জমির রেজিস্ট্রি সম্পন্ন হলেও, নথিতে সুহানাকে কৃষক হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং শিগগিরই রিপোর্ট পেশ করা হবে।
এ বিষয়ে এখনও শাহরুখ খান বা সুহানা খান আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।