শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › খেলা › ‘ক্যাপ্টেন কুল’ ধোনির বিরল রাগ: মোহিত শর্মার স্মৃতিচারণ

‘ক্যাপ্টেন কুল’ ধোনির বিরল রাগ: মোহিত শর্মার স্মৃতিচারণ

favicon
অনলাইন সংস্করণ
‘ক্যাপ্টেন কুল’ ধোনির বিরল রাগ: মোহিত শর্মার স্মৃতিচারণ

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সাধারণত ‘ক্যাপ্টেন কুল’ নামেই পরিচিত। মাঠে কিংবা মাঠের বাইরে খুব কমই তাকে রাগ করতে দেখা যায়। তবে ধোনির শান্ত মেজাজও মাঝে মাঝে ভেঙেছে। চেন্নাই সুপার কিংসের সাবেক পেসার মোহিত শর্মা সম্প্রতি এমনই এক ঘটনার কথা স্মরণ করেছেন।


মোহিত জানান, ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন ধোনি রীতিমতো ক্ষিপ্ত হয়ে তার ওপর গালাগাল করেছিলেন। ধোনির এমন প্রতিক্রিয়া তাকে তখন বিস্মিত করে।


তিনি বলেন, “মাহি ভাইকে সাধারণত রাগ করতে দেখা যায় না। তবে তরুণ খেলোয়াড় হিসেবে যখন তিনি আপনার ওপর রাগ করেন, সেটা আলাদা ধরনের অভিজ্ঞতা। ওই ম্যাচে মাহি ভাই আসলে ইশ্বর পাণ্ডেকে ডাকছিলেন বল করার জন্য। আমি ভেবেছিলাম আমাকে ডাকছেন। তাই রান-আপ শুরু করি। যেহেতু আমি রান-আপ শুরু করে ফেলেছিলাম, আম্পায়ার আমাকে বল করতে বলেন। তখনই মাহি ভাই রেগে গিয়ে আমাকে কিছু কথা শুনিয়ে দেন।”


মোহিত আরও যোগ করেন, “প্রথম বলেই আমি ইউসুফ পাঠান ভাইকে আউট করি। কিন্তু উদযাপনের সময়ও মাহি ভাই আমাকে বকছিলেন (হাসি)।”


৩৬ বছর বয়সী এই পেসার বলেন, ধোনি সাধারণত খুব ঠান্ডা মাথার মানুষ। “মাহি ভাই রেগে যেতে পারে, এটা বিশ্বাস করাই কঠিন। তবে তিনি রেগে গেলে ব্যাপারটা একটু ভয়ঙ্করই হয়ে ওঠে, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য।”


২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মোহিত শর্মা। ধোনির দলের হয়ে ৪৭ ম্যাচে নিয়েছেন ৫৭ উইকেট। এছাড়া ২০১৫ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপও খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মোহিতের শিকার ২৬ ওয়ানডেতে ৩১ ও ৮ টি-টোয়েন্টিতে ৬ উইকেট। আইপিএলে তিনি ১২০ ম্যাচে নিয়েছেন ১৩৪ উইকেট।