বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › আইন ও আদালত › শাহবাগ থানার মামলায় লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার

শাহবাগ থানার মামলায় লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার

favicon
অনলাইন সংস্করণ
শাহবাগ থানার মামলায় লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জামিন আবেদন করলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।


বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে তার জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানির আগে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত হলেও নির্ধারিত সময়ে আবেদন প্রত্যাহার করা হয়।


লতিফ সিদ্দিকীর আইনজীবী তাহমীম মহিমা বাঁধন জানান, পরিবার থেকে সময়মতো প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট সরবরাহ না করায় শুনানিতে এগোনো সম্ভব হয়নি। তাই তারা আবেদন প্রত্যাহার করেন।


অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, গত শুক্রবার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।


তিনি অভিযোগ করেন, “লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’-এর ব্যানার ব্যবহার করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার কাজে নেতৃত্ব দিচ্ছিলেন।”


উল্লেখ্য, গত শুক্রবার একই মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।