শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমশিক্ষারাবিতে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য: ছাত্রদল নেতা মিলন আজীবনের জন্য বহিষ্কার

রাবিতে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য: ছাত্রদল নেতা মিলন আজীবনের জন্য বহিষ্কার

favicon
অনলাইন সংস্করণ
রাবিতে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য: ছাত্রদল নেতা মিলন আজীবনের জন্য বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি এ আর মিলন খানকে আজীবনের জন্য বহিষ্কার করেছে শাখা ছাত্রদল। তিনি বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬ হল’-এর ৯১ জন ছাত্রীকে ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মতিহার থানায় মামলা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে, মিলন দাবি করেছিলেন যে ২ সেপ্টেম্বর থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারও নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এ দাবি যাচাই করতে শাখা ছাত্রদল একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মিলন সন্তোষজনক জবাব না দিয়ে ফোন বন্ধ করে দেন। এতে প্রমাণিত হয়, মন্তব্যটি তিনি ইচ্ছাকৃতভাবেই করেছেন।


শাখা ছাত্রদলের দফতর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আর মিলন খানকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের নেতাকর্মীদের তাকে বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


উল্লেখ্য, নির্ধারিত সময়ের পর হলে প্রবেশ করায় ‘জুলাই ৩৬ হল’-এর প্রভোস্ট ৯১ জন ছাত্রীকে তলব করেছিলেন। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে তা প্রত্যাহার করে নেয় হল প্রশাসন। এরপর এক ফেসবুক গ্রুপে করা পোস্টে ওই ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করেন এ আর মিলন খান। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতেই মন্তব্যটির স্ক্রিনশট ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনা শুরু হয়।