এলভিএমএইচ প্রাইজ ২০২৫–এর জুরি বোর্ডে প্রথম ভারতীয় দীপিকা পাড়ুকোন
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আরও একবার প্রমাণ করলেন তার গ্লোবাল আইকন হিসেবে অবস্থান। ফ্যাশন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘এলভিএমএইচ প্রাইজ ২০২৫’–এর জুরি বোর্ডে যুক্ত হয়ে তিনি প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন।
প্রতি বছর আয়োজিত এই প্রাইজে বিশ্বের খ্যাতিমান সৃজনশীল আইকনরা একত্রিত হয়ে উদীয়মান প্রতিভাদের স্বীকৃতি দেন। এ বছরের জুরিতে দীপিকার পাশাপাশি ছিলেন স্টেলা ম্যাকার্টনি, মার্ক জ্যাকবস, জোনাথন অ্যান্ডারসন, নিকোলাস ঘেসকিয়ের, ফিবি ফিলো, সিলভিয়া ভেনচুরিনি ফেন্ডি, নিগো ও ফ্যারেল উইলিয়ামস।
প্যারিসের আয়োজনে দীপিকা নজর কাড়েন লুই ভুঁতোঁ–এর ডিজাইনে। তিনি পরেছিলেন হলুদ ও বাদামি শেডের বোল্ড অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের একটি ওভারসাইজড সিল্ক শার্ট, সঙ্গে সোনালি মিনি স্কার্ট, যার ফ্রিঞ্জ মেঝে ছুঁয়ে চলাফেরায় দোল খাচ্ছিল। ভারী সোনালি কানের দুল, স্লিক হাই হিল ও কালো হ্যান্ডব্যাগে সম্পূর্ণ হয় তার লুক। খোপায় বাঁধা চুলে ফুটে ওঠে প্যারিসিয়ান ছোঁয়া, তবে বজায় থাকে তার স্বাক্ষরিত আধুনিক ঔজ্জ্বল্য।
ইভেন্ট শেষে নিজের আনন্দ ভাগ করে দীপিকা লিখেছেন, “সব বিজয়ীদের অভিনন্দন! তোমাদের জাদু দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।”
ক্যারিয়ারের এই ঐতিহাসিক মুহূর্তে পাশে ছিলেন স্বামী রণবীর সিংও। দীপিকার পোস্টে তিনি মজার ছলে লিখেছেন, “হট মামা।” অনুরাগীরাও এ মন্তব্যে মেতে ওঠেন এবং কেউ কেউ মন্তব্য করেন, দীপিকার সাফল্যের পেছনে রণবীর সবসময় নীরব সমর্থনের ভূমিকা পালন করছেন।
দীর্ঘদিন ধরেই লুই ভুঁতোঁ–এর সঙ্গে যুক্ত দীপিকা এবার এই বৈশ্বিক আসরে শুধু ফ্যাশন লেজেন্ডদের কাতারেই জায়গা করে নেননি, বরং ভারতীয় শোবিজকেও নতুন উচ্চতায় নিয়ে গেছেন।