ইংল্যান্ড দলে প্রথম ডাক, ইতিহাস গড়তে চলেছেন মুসলিম ফুটবলার জেড স্পেন্স
টটেনহামের ফুলব্যাক জেড স্পেন্স প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন। কোচ থমাস টুখেল আগামী ৬ ও ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্য দিয়ে স্পেন্স ইংল্যান্ডের প্রথম মুসলিম পুরুষ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়তে চলেছেন।
২৫ বছর বয়সী এই ফুটবলারের জন্য এটি ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে তিনি রেনেস, লিডস ও জেনোয়া ক্লাবে লোনে খেলেছেন। তবে গত মৌসুমে টটেনহামের মূল দলে জায়গা পাকা করে নজর কাড়েন তিনি।
ডাক পেয়ে আবেগাপ্লুত স্পেন্স বলেন,
“এটা অসাধারণ, অবর্ণনীয়। ইংল্যান্ড দলে প্রথম মুসলিম খেলোয়াড় হিসেবে ডাক পাওয়া আমার জীবনের বড় আশীর্বাদ।”
ধর্ম যে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেটাও উল্লেখ করেন তিনি।
“প্রথমেই আল্লাহ মহান। আমি সবসময় প্রার্থনা করি। কঠিন সময়ে বিশ্বাস করেছি আল্লাহ আছেন, আর সাফল্যের মুহূর্তেও তাঁর প্রশংসা করি।”
স্পেন্স আশা প্রকাশ করেন, তার এই অর্জন শিশুদের, বিশেষ করে মুসলিম ও ধর্মবিশ্বাসী তরুণদের অনুপ্রেরণা জোগাবে।
“যদি আমি পারি, তুমিও পারবে। শুধু মুসলিম নয়, যে কোনো ধর্মের শিশু মনোবল দিয়ে কিছু করলে সফল হতে পারবে।”
গত মৌসুমে টটেনহামের হয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্সই তাকে জাতীয় দলে সুযোগ করে দিয়েছে। এবারের প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে খেলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি।