সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু করল জাতীয় পেনশন কর্তৃপক্ষ
জাতীয় পেনশন কর্তৃপক্ষ সর্বজনীন পেনশন স্কিমে জমাকৃত টাকা থেকে ঋণ নেওয়ার সুযোগ চালু করেছে। তবে এ সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এক সময়ে কেবল একটি ঋণ নেওয়া যাবে। ঋণের জন্য আবেদন করতে হলে নিবন্ধনের পর টানা অন্তত ১২ মাস চাঁদা জমা দিতে হবে অথবা অ্যাকাউন্টে ন্যূনতম এক লাখ টাকা জমা থাকতে হবে।
জমাকৃত টাকার ৫% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ঋণ নেওয়া যাবে। তবে ঋণের আবেদনের আগের মাস পর্যন্ত নিয়মিত চাঁদা পরিশোধ করতে হবে। ঋণ সর্বোচ্চ ২৪ মাসের কিস্তিতে ফেরত দেওয়ার সুযোগ থাকবে।
আবেদন প্রক্রিয়াও সহজ করা হয়েছে। প্রথমে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.upension.gov.bd
) লগইন করতে হবে। এরপর মেনুবার থেকে ‘ঋণের আবেদন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করা যাবে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সর্বজনীন পেনশনের চারটি স্কিমে নিবন্ধন করেছেন মোট ৩ লাখ ৭৫ হাজার ২৮০ জন।