মাছ-মুরগিতেও অস্থিরতা, ইলিশ ২৫শ’, ডিম ১৫০ টাকা ডজন
মাছ, মুরগি কিংবা সবজি—সবখানেই অস্বস্তি ভোগ করছে ক্রেতারা। বেগুন, সিম, বরবটি থেকে শুরু করে টমেটো পর্যন্ত প্রায় সবজি নাগালের বাইরে চলে গেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের পছন্দের অন্যতম সবজি বেগুনের দাম নিয়ন্ত্রণে নেই। এক কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। আর লম্বা বেগুন মিলছে ১০০ টাকায়। ঝিঙা কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা, লাউ একেকটি ৮০ টাকা, বরবটি ১০০ টাকা এবং ভারতীয় টমেটো ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া উস্তা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকা এবং সিম ১৮০ টাকা।
কাঁচামরিচের কেজি ১৮০ থেকে ২০০ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও দামে কোনো প্রভাব পড়েনি। দেশি পেঁয়াজ এখনও কেজিপ্রতি ৮০ টাকা।
মাছের বাজারেও চাপ বেড়েছে। চাষের চিংড়ি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার টাকার বেশি দরে, দেশি বোয়াল ১ হাজার টাকা, টেংরা ৬০০ থেকে ৯০০ টাকা এবং কাজলী ১ হাজার টাকা। চাষের কই ও পাবদা ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমেও ইলিশের দাম কমেনি; এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়।
মুরগির বাজারও স্বস্তিদায়ক নয়। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭৫ টাকা, কক ৩১০ টাকা, মোরগ ৩৩০ টাকা এবং লেয়ার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি মিলছে ২৮০ থেকে ৩০০ টাকায়। ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকায়।
বিক্রেতারা বলছেন, ইলিশের সরবরাহ কম থাকায় এর প্রভাব অন্যান্য মাছের দামের ওপরও পড়েছে। ক্রেতাদের অভিযোগ, বৃষ্টি থেমে গেলেও বাজারের অস্থিরতা কোনোভাবেই কমছে না।