সালমান শাহর মৃত্যুর ২৯ বছরেও রহস্য অমীমাংসিত
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যুতে আজ (৬ সেপ্টেম্বর) ২৯ বছর পূর্ণ হলো। দীর্ঘ এ সময়ে থানা পুলিশ, সিআইডি, ডিবি, র্যাব এবং সর্বশেষ পুলিশের বিশেষ তদন্ত বিভাগ (পিবিআই)সহ বিভিন্ন সংস্থা তদন্ত করলেও তাঁর মৃত্যুর রহস্য এখনও উন্মোচিত হয়নি। এমনকি বিচার বিভাগীয় তদন্তও কোনো সুরাহা দিতে পারেনি।
সর্বশেষ পিবিআই সাড়ে তিন বছর তদন্ত শেষে চার বছর আগে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। তবে সালমান শাহর পরিবার এ প্রতিবেদনে সন্তুষ্ট নয়। তারা পুনঃতদন্তের দাবিতে রিভিশন আবেদন করেছে।
গত ২৬ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সালমান শাহর মা নীলা চৌধুরী উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে ২৩ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. ওবায়দুল্লাহ জানান, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন যথাযথ হয়নি। সালমান শাহর মা নীলা চৌধুরী বর্তমানে অসুস্থ অবস্থায় ইংল্যান্ডে অবস্থান করছেন। তিনি তাঁর ভাই আলমগীর কুমকুমকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন, যিনি রিভিশনকারী হিসেবে কাজ করছেন।
এদিকে, সালমান শাহর মৃত্যুর সুষ্ঠু বিচার দাবিতে ভক্তরা গত ২৬ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন করেন। ভক্ত শাহীন হাসান বলেন, “সালমান শাহ আত্মহত্যা করতে পারেন না। তাঁর হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। আমরা আদালতে গিয়ে ন্যায়বিচার দাবি অব্যাহত রাখব।”
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন প্লাজার নিজ ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর তাঁর বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন।
প্রথম ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হলেও পরিবার আপত্তি জানায়। পরে লাশ উত্তোলন করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়, তবে লাশ পচে যাওয়ায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ণয় সম্ভব হয়নি। পরবর্তীতে পরিবার হত্যাকাণ্ডের অভিযোগ করলে নতুন করে তদন্ত শুরু হয়, কিন্তু আজও রহস্য অমীমাংসিত রয়ে গেছে।