২০১৫ সালের পর প্রথমবার ইউএস ওপেনে ট্রাম্পের উপস্থিতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন। শুক্রবার এক বিবৃতিতে ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) জানায়, তিনি টুর্নামেন্টের একজন কর্পোরেট ক্লায়েন্টের অতিথি হিসেবে সেই ক্লায়েন্টের স্যুইট থেকে খেলা উপভোগ করবেন। তবে ক্লায়েন্টের নাম প্রকাশ করা হয়নি।
২০১৫ সালের পর এটাই হবে ইউএস ওপেনে ট্রাম্পের প্রথম উপস্থিতি। নিউইয়র্কে বসবাসের সময় তিনি নিয়মিত এই গ্র্যান্ড স্ল্যাম আসরে যেতেন, তবে রাজনৈতিক জীবনে প্রবেশের পর থেকে আর দেখা যায়নি তাকে। বর্তমানে তিনি মূলত ফ্লোরিডার মার-আ-লাগো এস্টেটে বসবাস করছেন।
ট্রাম্প এর আগে একাধিক বড় ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে আলোচনায় এসেছেন। এর মধ্যে রয়েছে নিউ অরলিন্সের সুপার বোল, ফ্লোরিডার ডেটোনা ৫০০, মায়ামি ও নিউ জার্সির ইউএফসি লড়াই, ফিলাডেলফিয়ার এনসিএএ রেসলিং চ্যাম্পিয়নশিপ এবং ইস্ট রাদারফোর্ডে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল।
বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ইউএস ওপেন ফাইনালে উপস্থিতি অত্যন্ত বিরল ঘটনা। সর্বশেষ ২০০০ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন ফাইনালে উপস্থিত ছিলেন। যদিও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ২০২৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অংশ নিয়েছিলেন।