বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › খেলা › শেষ মুহূর্তে গোল হজম, হারের মুখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

শেষ মুহূর্তে গোল হজম, হারের মুখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

favicon
অনলাইন সংস্করণ
শেষ মুহূর্তে গোল হজম, হারের মুখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

পয়েন্ট ভাগাভাগির দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের শেষ মুহূর্তেই জয় ছিনিয়ে নেয় ইয়েমেন।


যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বদলি খেলোয়াড় মোহাম্মদ এসাম আল আওয়ামীয়ের করা গোলেই স্তব্ধ হয়ে যায় লাল-সবুজ শিবির। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বল থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত জালে জড়ানো ঠেকাতে পারেননি। অথচ ম্যাচের আগের অংশে একের পর এক আক্রমণ ফিরিয়ে দেন শ্রাবণ। বিশেষ করে ৮৪ ও ৮৭ মিনিটে নিশ্চিত গোল ঠেকিয়ে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি।


তবে শেষ মুহূর্তে রক্ষা হয়নি। বিশেষজ্ঞদের মতে, গোল হজমের দায় কিছুটা রক্ষণের ঘাটতিতেও রয়েছে। কারণ ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মজিবর রহমান জনি, ফলে চাপ আরও বেড়ে যায় দলের ওপর।


এর আগে প্রথমার্ধে গোল নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৩২ মিনিটে মোরসালিনের নেওয়া জোরালো শট অসাধারণ সেভে রুখে দেন ইয়েমেনের গোলরক্ষক ওসমাহ আলী মোকরেফ। এরপর আর উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি জামাল ভূঁইয়ার উত্তরসূরিরা।


এ হারে কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ বাছাই পর্বের সম্ভাবনা। প্রথম ম্যাচেই স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছিল লাল-সবুজরা। কাগজে-কলমে সামান্য সম্ভাবনা থাকলেও সেটি নির্ভর করছে সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের ফলাফলের ওপর।


বর্তমানে ‘সি’ গ্রুপের তলানিতে আছে বাংলাদেশ। আগামী ৯ সেপ্টেম্বর তাদের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে।