৩০ বছরে মোস্তাফিজ, জন্মদিনে শুভেচ্ছায় ভাসালেন আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি
বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের জন্মদিনে শুভেচ্ছায় ভেসে গেল সামাজিক যোগাযোগমাধ্যম। শনিবার ৩০ বছরে পা দেওয়া এই বাঁহাতি বোলারকে অভিনন্দন জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি— দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস।
আইপিএলে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোস্তাফিজ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় আসেন এবং সেই মৌসুমেই উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পর ২০২৫ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন।
তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে চেন্নাই সুপার কিংস লিখেছে, “বাংলার এক বাঘ, যার সাহস সিংহের মতো। ফিজের জন্মদিন হোক দারুণ।” দিল্লি ক্যাপিটালস বার্তা দিয়েছে, “৩০ পূর্ণ করা ফিজকে জানাই শুভকামনা।” আর রাজস্থান রয়্যালস লিখেছে, “তার কাটারগুলো এখনো আমাদের স্মৃতিতে। আমাদের পুরোনো বন্ধু মোস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা।”
আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ, যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি শিকার করেছেন ১১৩ ম্যাচে ১৪২ উইকেট, তালিকায় আছেন পঞ্চম স্থানে। এ ক্ষেত্রে বাংলাদেশের হয়ে এগিয়ে আছেন শুধু সাকিব আল হাসান (১৪৯ উইকেট)।
সাম্প্রতিক সময়ে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জয়ে সাহায্য করেন এই তারকা পেসার।