১৬ বছর পর ফিরছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা
১৬ বছর পর আবারও প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ের ১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে চালু করা হবে মিড-ডে মিল কার্যক্রম।
রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেন, বছরে মাত্র ১৮০ দিন প্রাথমিক পর্যায়ে ক্লাস হয়। এর বাইরে শিক্ষকদের বিভিন্ন শিক্ষা বহির্ভূত কাজে ব্যস্ত রাখায় পুরো শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমানো হবে।
দেশের সাক্ষরতার হার নিয়ে তিনি জানান, পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। এখনো ২২ দশমিক ১ শতাংশ মানুষ নিরক্ষর, যারা কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি বা প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়েছে।
শিক্ষকদের পদোন্নতি প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন মামলার কারণে বহু শিক্ষক পদোন্নতি পাচ্ছেন না। বর্তমানে ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। পদোন্নতি কার্যকর হলে নতুন অনেক পদ সৃষ্টি হবে।