অবশেষে একসঙ্গে তিন খান! আরিয়ান খানের সিরিজে শাহরুখ–সালমান–আমির
তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বলিউডের তিন খান—শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে একসঙ্গে কখনোই পর্দায় দেখা যায়নি। তবে এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের হাত ধরে।
সোমবার বিকেলে প্রকাশিত হয়েছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্স অব বলিউড’-এর ট্রেলার। ৩ মিনিট ২৯ সেকেন্ডের এ হাই ভোল্টেজ ট্রেলারে এক ঝলকে দেখা মিলেছে তিন খানকেই। আগে থেকেই সালমানের উপস্থিতি নিশ্চিত ছিল, এবার আমির ও শাহরুখকেও দেখা গেল। ফলে ভক্তদের বহু প্রতীক্ষিত মুহূর্ত বাস্তব হয়ে উঠল।
ট্রেলারের প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ভক্তদের কেউ লিখছেন, “অবশেষে তিন খান একসঙ্গে! ভারতীয় সিনেমার সবচেয়ে আইকনিক ফ্রেম।” কেউবা বলছেন, “আরিয়ান খান ইতিহাস গড়ল।” ভক্তদের উচ্ছ্বাসে ভরে গেছে নেটদুনিয়া, চলছে মিম ও পোস্টের বন্যা।
সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য। গল্প ঘুরছে আসমান সিং নামের এক সাধারণ ছেলের চারপাশে, যে বাবা–মায়ের (বিজয়ন্ত কোহলি ও মোনা সিং) প্রেরণায় সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তার যাত্রাপথ মোটেও সহজ নয়—সুপারস্টার অজয় তলওয়ারের (ববি দেওল) সঙ্গে সংঘাত, প্রেম, আর নিজের অবস্থান তৈরি করার লড়াই নিয়েই এগিয়েছে কাহিনি।
‘দ্য ব্যাড্স অব বলিউড’-এ শুধু তিন খানই নয়, আরও আছেন ববি দেওল, করণ জোহর, বাদশা, এস.এস. রাজামৌলি, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাওসহ একঝাঁক বলিউড তারকা। সব মিলিয়ে যেন গোটা ইন্ডাস্ট্রিই হাজির এক পর্দায়।
সিরিজটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর। ভক্তদের প্রত্যাশা—এই প্রথমবারের মতো শাহরুখ, সালমান ও আমিরকে একসঙ্গে দেখে তিন দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে।