রাষ্ট্রীয় ব্যাংকে আর ঢালাও বোনাস নয়, নিট মুনাফার ওপর নির্ভর করবে উৎসাহ বোনাস
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আর নির্বিচারে কর্মচারীদের উৎসাহ বোনাস দিতে পারবে না। নতুন নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, বোনাস প্রদানের ভিত্তি হবে আর পরিচালন মুনাফা নয়, বরং নিট মুনাফা।
এছাড়া বোনাস দেওয়ার আগে অবশ্যই সরকারকে লভ্যাংশ প্রদান করতে হবে। সরকারকে লভ্যাংশ না দিলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বোনাস দাবি করতে পারবে না, এমনকি তারা যোগ্যতা অর্জন করলেও।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর সম্প্রতি বলেছেন, কোনো ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে থাকলে বা প্রভিশন লস করলে, তারা ডিভিডেন্ড ও বোনাস দিতে পারবে না।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি নির্দেশিকার খসড়া তৈরি করেছে। এতে ১৪টি রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বোনাস প্রদানের শর্তাবলি নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের বোনাস প্রদানের ক্ষেত্রেও এই নির্দেশিকা কার্যকর হবে। অতিরিক্ত বোনাস দিতে চাইলে নিতে হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানিয়েছেন, এতদিন উৎসাহ বোনাস প্রদানে শৃঙ্খলার অভাব ছিল। এবার ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেই অভিন্ন নীতিমালা করা হচ্ছে।
অতীতে নীতিমালা মানা হয়নি এমন উদাহরণও আছে। যেমন—সর্বোচ্চ তিনটি বোনাস দেওয়ার নিয়ম থাকলেও সোনালী ব্যাংক ২০২৩ সালে পাঁচটি বোনাস দেয়। এজন্য গত ২৭ মার্চ অর্থ মন্ত্রণালয় ব্যাংকের এমডিকে চিঠি দিয়ে অতিরিক্ত বোনাসের অর্থ ফেরত আনতে নির্দেশ দেয়। তবে ব্যাংক সূত্র জানিয়েছে, কেউই সেই অর্থ ফেরত দেয়নি।
নতুন বোনাস প্রদানের কাঠামো
রাষ্ট্রীয় ছয় বাণিজ্যিক ব্যাংক—সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—
বোনাস নির্ধারণ হবে ৫টি কর্মসম্পাদন সূচকের ওপর ভিত্তি করে:
চলতি মূলধনের ওপর নিট মুনাফার হার (সবচেয়ে বেশি গুরুত্ব)
আমানত বৃদ্ধির হার
ঋণ ও অগ্রিম বৃদ্ধির হার
খেলাপি ঋণ আদায়ের হার
অবলোপনকৃত ঋণ আদায়ের হার
ভালো পারফরম্যান্স করলে সর্বোচ্চ তিনটি বোনাস পাওয়া যাবে, প্রতিটি বোনাস কর্মচারীর এক মাসের মূল বেতনের সমান।
বিশেষায়িত ছয় ব্যাংক—বাংলাদেশ কৃষি ব্যাংক, রাকাব, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক—
এখানে সূচক হবে ৪টি:
চলতি মূলধনের ওপর নিট মুনাফার হার
ঋণ ও অগ্রিম বৃদ্ধির হার
খেলাপি ঋণ আদায়ের হার
অবলোপনকৃত ঋণ আদায়ের হার
আইসিবি: সূচক হবে—পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধির হার, নিট মুনাফা, বিনিয়োগের লভ্যাংশ, খেলাপি ঋণ আদায়।
হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি): সূচক হবে—ঋণের সুদ ও আসল পরিশোধের বিপরীতে প্রকৃত আদায়, নিট মুনাফা, খেলাপি ঋণ আদায়, ঋণ ও অগ্রিম বৃদ্ধির হার।