বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › খেলা › এমএলএসে আরও তিন ম্যাচ নিষিদ্ধ লুইস সুয়ারেজ

এমএলএসে আরও তিন ম্যাচ নিষিদ্ধ লুইস সুয়ারেজ

favicon
অনলাইন সংস্করণ
এমএলএসে আরও তিন ম্যাচ নিষিদ্ধ লুইস সুয়ারেজ

লিগস কাপ ফাইনালে বিতর্কিত ঘটনার জেরে ছয় ম্যাচ নিষেধাজ্ঞার পর আবারও বড় শাস্তির মুখে পড়লেন ইন্টার মায়ামির তারকা লুইস সুয়ারেজ। মেজর লিগ সকার (এমএলএস) জানিয়েছে, গত ৩১ আগস্ট সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের ওপর থুতু ফেলার অপরাধে সুয়ারেজকে অতিরিক্ত তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।


আগামী ১৩ সেপ্টেম্বর শার্লট এফসির বিপক্ষে ম্যাচ থেকে শুরু হবে এ শাস্তি। ফলে ওই ম্যাচ ছাড়াও ১৬ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্স এবং ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না উরুগুইয়ান এই ফরোয়ার্ড।


এর আগে লিগস কাপ শৃঙ্খলাবিষয়ক কমিটি তাকে টুর্নামেন্টের পরবর্তী ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩–০ গোলে হারের পর মাঠে তর্কে জড়িয়ে পড়েন সুয়ারেজ এবং ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের এক স্টাফের ওপর থুতু ফেলেন। এ ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে।


পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ক্ষমা চেয়ে সুয়ারেজ বলেন, ‘খেলা শেষে হতাশার মুহূর্তে এমন কিছু ঘটেছে যা একেবারেই অনুচিত। আমার প্রতিক্রিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ভুল করেছি এবং দুঃখিত।’


এমন বিতর্কিত কাণ্ডে শাস্তি পাওয়া সুয়ারেজের জন্য নতুন কিছু নয়। এর আগে প্রতিপক্ষকে কামড় দেওয়ার ঘটনায় তিনবার নিষিদ্ধ হয়েছিলেন তিনি। বর্ণবাদী আচরণের অভিযোগেও একবার শাস্তি পেয়েছিলেন, যদিও তিনি তা অস্বীকার করে আসছেন।


অন্যদিকে, ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে সংঘর্ষে জড়ানোর অভিযোগে সিয়াটল সাউন্ডার্সের স্টাফ স্টিভেন লেনহার্টকেও শাস্তি দেওয়া হয়েছে। পুরো ২০২৫ মৌসুম ও প্লে-অফে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। তিনি কেবল সাধারণ দর্শকসারিতে বসে ম্যাচ দেখতে পারবেন। ২০২৬ মৌসুমের আগে তার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে। ক্লাব হিসেবেও জরিমানা গুনতে হচ্ছে সাউন্ডার্সকে, তবে অঙ্ক প্রকাশ করেনি কর্তৃপক্ষ।


এদিকে, লিগস কাপে ইন্টার মায়ামির সার্জিও বুসকেটসকে দুই ম্যাচ এবং তোমাস আবিলেসকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হলেও এমএলএস থেকে বাড়তি শাস্তি পাননি তারা। ফলে শার্লট এফসির বিপক্ষে খেলার সুযোগ থাকছে তাদের সামনে।