দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৬৫ বিলিয়ন ডলারে পৌঁছাল
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০.৬৫ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫.৭৫ বিলিয়ন ডলার।
এর আগে, ৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০,৩০৭.৩৬ মিলিয়ন ডলার এবং আইএমএফের পরিমাপ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫,৩৯৭.৫৩ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ হিসাবপদ্ধতিতে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়।