চার্লি কার্ক হত্যায় তারেক রহমানের গভীর শোক ও নিন্দা
যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ককে (৩১) গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
তারেক রহমান বলেন, “ব্যক্তির ধর্ম, মতাদর্শ কিংবা দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কারো জীবন এই ঘৃণ্য উপায়ে শেষ হওয়া উচিত নয়। চার্লি কার্কের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক বিশ্বাস বা সক্রিয়তার কারণে কখনোই কাউকে সহিংসতার শিকার হওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, “আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।”
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মার্কিন ডানপন্থী কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ক। তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত।