জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জাকসু নির্বাচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে কার্যক্রম শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম। প্রার্থীদের পোলিং এজেন্টরা দায়িত্ব গ্রহণ করেন। ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩ জন। ভিপি পদে ১০ জন প্রার্থী থাকলেও অমর্ত্য রায়ের প্রার্থিতা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। জিএস পদে লড়ছেন ৯ জন, যদিও প্রচারণার শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন সৈয়দা অনন্যা ফারিয়া। এজিএস (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন এবং নারী পদে ৬ জন। বাকি ২১টি পদেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্ববিদ্যালয়ের ২১ আবাসিক হলের প্রতিটিতেই ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাত্রদের জন্য ১১টি এবং ছাত্রীদের জন্য ১০টি কেন্দ্র। ছাত্রদের হলে সর্বোচ্চ ভোটার আছেন জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন, আর ছাত্রীদের হলে সর্বোচ্চ ৯৮৩ জন ভোটার রয়েছেন তারামন বিবি হলে।
মোট ২২৪টি বুথে ভোট গ্রহণ চলছে। দায়িত্ব পালন করছেন ১৩৪ জন কর্মকর্তা (পোলিং অফিসার ও সহকারী)।
এবার জাকসুর কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। বিকাল ৫টায় ভোট শেষ হওয়ার পর গণনা শুরু হবে পুরাতন রেজিস্টার ভবনের সিনেট হলে।