কমছে ইসলামী ব্যাংকের আমানতের অংশ, এক বছরে শেয়ার ১ শতাংশের বেশি হ্রাস
একসময় প্রচলিত ব্যাংকের তুলনায় দ্রুত আমানত বাড়ছিল ইসলামী ব্যাংকগুলোতে। এমনকি কয়েকটি প্রচলিত ব্যাংক রূপান্তরিত হয়ে ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করে। তবে সাম্প্রতিক সময়ে সেই প্রবৃদ্ধির ধারা শ্লথ হয়ে পড়েছে। ব্যাংক খাতে মোট আমানতে ইসলামী ব্যাংকিংয়ের অংশ কমছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুন শেষে ব্যাংক খাতের মোট আমানত দাঁড়িয়েছে ২০ লাখ ২১ হাজার কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের আমানত চার লাখ ৫২ হাজার কোটি টাকা, যা মোট আমানতের ২২ দশমিক ৩৭ শতাংশ। এক বছর আগে এই অনুপাত ছিল ২৩ দশমিক ৫৪ শতাংশ। অর্থাৎ, এক বছরে ইসলামী ব্যাংকের আমানতের অংশ কমেছে ১ শতাংশের বেশি।
যদিও পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত হ্রাস পেয়েছে, ইসলামী ব্যাংকিং শাখা ও উইংগুলোতে প্রবৃদ্ধি দেখা গেছে। এর ফলে সামগ্রিকভাবে ইসলামী ব্যাংকিং খাতে আড়াই শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে কয়েকটি ইসলামী ব্যাংকে জালিয়াতির তথ্য প্রকাশ্যে আসার পর আমানতকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই তখন আমানত তুলে নেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে দুর্দশাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে সেগুলো একীভূত করে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের পদক্ষেপ নেয়।