ইংল্যান্ডের রানের ঝড়, সিরিজে সমতা
ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল ইংল্যান্ড। আইসিসির দুই পূর্ণ সদস্য দেশের লড়াইয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে তারা তোলে ৩০৪ রান। এর আগে ভারতের দখলে থাকা ২৯৭ রানের রেকর্ড এবার ছাড়িয়ে গেল ইংলিশরা।
ইনিংসের নায়ক ফিল সল্ট মাত্র ৩৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিয়ান হন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ১৪১ রানের ঝড়ো ইনিংস, যা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তার সঙ্গে অধিনায়ক জস বাটলার করেন ৮৩ রান।
৩০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও টিকতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামের ২০ বলে ৪১ রানের ঝলক ছাড়া বাকি ব্যাটাররা ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৫৮ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার নেন সর্বোচ্চ ৩ উইকেট।
১৪৬ রানের বিশাল ব্যবধানে জয় ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের সাফল্য। দুই ম্যাচ শেষে সিরিজ এখন ১-১ সমতায়। রোববার ট্রেন্টব্রিজে হবে সিরিজের নির্ধারণী ম্যাচ, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।