নগদে প্রশাসক নিয়োগ নিয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরামর্শক নিয়োগ স্থগিত
মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের বিষয়ে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পরামর্শক নিয়োগ করা যাবে না বলে আদেশ দিয়েছেন আদালত।
আগামী ২৬ অক্টোবর প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। অন্যদিকে নগদের সিইও সাফায়েত আলমের পক্ষে অংশ নেন ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার নওশাদ জমির, কায়সার কামাল, অ্যাডভোকেট জিয়াউর রহমান এবং অ্যাডভোকেট মো. জামিলুর রহমান।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, প্রশাসক নিয়োগের আপিল বিচারাধীন থাকা অবস্থায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নতুন বিনিয়োগকারী নিয়োগের লক্ষ্যে একজন পরামর্শক নির্বাচন প্রক্রিয়া শুরু করে। গত ৩১ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতে পরামর্শক নিয়োগ স্থগিতের আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেছেন।