বাংলাদেশি পণ্যের শুল্ক নিয়ে আলোচনায় ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করতে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধিদল। ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ দলটির নেতৃত্ব দেবেন।
শুল্ক হার পূর্বের ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশে নামলেও এখনো দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি খসড়া চুক্তি প্রণয়ন করা হয়েছে।
ঢাকা সফরে প্রতিনিধিদলটি ওই খসড়া চুক্তি চূড়ান্ত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠকে বসবে। একইসঙ্গে পাল্টা শুল্ক আরও কমানোর বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
সফরকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করবেন।