আইটেম গানে নতুন রূপে সামিরা খান মাহি, আসছে মেগা সিরিয়াল ‘খুশবু’
কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে জ্বলে উঠছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে যাওয়ার বেদনা যেন তার কলিজাকে কাবাবের মতো পুড়িয়ে দিয়েছে। এমন আবেগঘন সংলাপ ও আইটেম গানে প্রথম পর্বেই হাজির হবেন তিনি মেগা সিরিয়াল ‘খুশবু’-তে।
এখানে মাহি অভিনয় করছেন ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা চরিত্রে। সিরিয়ালটি দীপ্ত টিভিতে সম্প্রচার শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে।
‘খুশবু’-এর মূল কাহিনি গড়ে উঠেছে এক তরুণীর জীবনসংগ্রামকে ঘিরে, যিনি গ্রাম থেকে শহরে এসে নানা প্রতিকূলতার মুখোমুখি হন। পাশাপাশি নাটকটিতে উঠে আসবে গার্মেন্টসকর্মী নারীদের অজানা গল্প—তাদের সংগ্রাম, সুখ-দুঃখ, ভালোবাসা ও ঘৃণার দিকগুলো।
এছাড়াও নাটকে থাকবে সিনেমার রূপালি পর্দার আড়ালের মানুষের জীবনচিত্র। সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ আরও অনেকে। বিশেষ চরিত্রে থাকছেন সামিরা খান মাহি।
নামভূমিকায় অভিনয় করছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন স্টার হান্ট বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।
কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান।
‘খুশবু’ দেখা যাবে দীপ্ত টিভি ও দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায়।