শাহ আমানত বিমানবন্দরে ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আয়
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় করে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এর আগে ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরে প্রায় ৩৩ কোটি টাকা বেশি রাজস্ব আয় হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রতিষ্ঠার পর থেকে এবারই সর্বোচ্চ রাজস্ব আয় হয়েছে। যাত্রী সংখ্যা বৃদ্ধি, বকেয়া আদায় ও বিভিন্ন খাত থেকে এ রেকর্ড আয় এসেছে।”
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি অর্থবছরে আয় হয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। আগের অর্থবছরে আয় ছিল ২৩৭ কোটি ও ব্যয় ৩৬ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় হয়েছিল ২২৫ কোটি, ব্যয় ৩৩ কোটি টাকা; ২০২১-২২ অর্থবছরে আয় ছিল ৭৯ কোটি ও ব্যয় ২৭ কোটি টাকা। আর করোনাকালে ২০২০-২১ অর্থবছরে আয় মাত্র ৩০ কোটি টাকায় নেমে এসেছিল।
কর্তৃপক্ষ আরও জানায়, ২০০০ সালে জাপানের দাতা সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ পায় শাহ আমানত বিমানবন্দর। নতুন অ্যাপ্রোন তৈরি করায় বর্তমানে বিমান ধারণক্ষমতা দাঁড়িয়েছে ২০টিরও বেশি। বছর বছর যাত্রী পরিবহন বেড়ে চলেছে এবং সর্বশেষ অর্থবছরে তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।