বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › আলিবাবাকে ঘুরে দাঁড় করাতে ফিরলেন জ্যাক মা

আলিবাবাকে ঘুরে দাঁড় করাতে ফিরলেন জ্যাক মা

favicon
অনলাইন সংস্করণ
আলিবাবাকে ঘুরে দাঁড় করাতে ফিরলেন জ্যাক মা

চীনের প্রযুক্তি খাতে দীর্ঘদিনের দমন–পীড়নের পর আবারও আলোচনায় ফিরলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। চার বছর জনসমক্ষে অনুপস্থিত থাকার পর এখন সরাসরি কোম্পানির ক্যাম্পাসে উপস্থিত হচ্ছেন তিনি। আলিবাবার ভেতরে চলতে থাকা স্লোগান—‘মাগা: মেক আলিবাবা গ্রেট অ্যাগেইন’—এখন যেন নতুন করে প্রাণ পাচ্ছে।


২০২০ সালে অ্যান্ট গ্রুপের আইপিও আটকে দেওয়া এবং অ্যান্টিট্রাস্ট তদন্ত শুরু হওয়ার পর থেকেই রাষ্ট্রীয় রোষে পড়েন মা। এরপর টোকিও ও হংকংয়ে সময় কাটালেও তার অনুপস্থিতি কোম্পানির ভেতরে মনোবল দুর্বল করে দেয়। এই সময়ে আলিবাবা বাজারমূল্যে হারায় প্রায় ৭০০ বিলিয়ন ডলার।


এখন আবারও তিনি কোম্পানির দৈনন্দিন কাজে সক্রিয় হয়েছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড প্রকল্পে নিয়মিত নজর রাখছেন। এক কর্মকর্তাকে দিনে তিনবার মেসেজ করার মতো আগ্রহও দেখিয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী জেডি ডটকম ও মেইতুয়ানের মোকাবিলায় প্রায় ৫০ বিলিয়ন ইউয়ান ভর্তুকির সিদ্ধান্তও এসেছে তার প্রভাবেই।


আজকের চীনা ই-কমার্স বাজার আর একচেটিয়া নয়। খাবার ডেলিভারিতে মেইতুয়ান এগিয়ে ৪৭ শতাংশ শেয়ার নিয়ে, যেখানে আলিবাবার নিয়ন্ত্রণ ৪৩ শতাংশ। ফলে দাম কমানো ও ভর্তুকির কৌশল আবারও কর্তৃপক্ষের নজরে পড়তে পারে। তবে মা এখনো বিশ্বাস করেন কোম্পানির মূল প্ল্যাটফর্ম তাওবাও–ই ঘুরে দাঁড়ানোর মূল অস্ত্র।


আলিবাবার চেয়ারম্যান জো সাই, সিইও এডি উ এবং তরুণ নেতা জিয়াং ফানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন মা। তাদের হাত ধরে এআই ও ক্লাউড অবকাঠামোয় আগামী তিন বছরে ৩৮০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগের ঘোষণা এসেছে।


যদিও অফিসিয়াল কোনো পদে ফেরার সম্ভাবনা নেই, তবে কর্মী ব্যাজ গলায় ঝুলিয়ে ক্যাম্পাসে ঘোরাফেরা করা জ্যাক মা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন—তিনি ফিরে এসেছেন। উদ্যোক্তা চেন ওয়েইসিংয়ের ভাষায়, “জ্যাক মা যেন এক গংফু উপন্যাসের নায়ক, যিনি সন্ন্যাস ভেঙে আবার শেষ যুদ্ধে নামতে প্রস্তুত।”


১৯৯৯ সালে মাত্র ৮০ হাজার মার্কিন ডলার সংগ্রহ করে যাত্রা শুরু করেছিল আলিবাবা। বর্তমানে কোম্পানির বাজারমূলধন ছাড়িয়েছে ৮০০ বিলিয়ন ডলার।