কানাডা সফর শেষে শুটিংয়ে ফিরছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি
দেড় মাসের কানাডা সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বিদেশ সফর শেষে এখন তিনি নতুন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন।
হিমি জানান, “পুরো সময়টা নিজের মতো করে কাটাতে চেয়েছিলাম। দর্শনীয় স্থান ঘুরেছি, পরিবারের সঙ্গে থেকেছি। কাজের ফোনও রিসিভ করিনি। দেশে ফিরে এখন নতুন প্রজেক্টের পরিকল্পনা করছি।”
কানাডায় তিনি উপভোগ করেছেন কেটি পেরি ও দুয়া লিপার কনসার্ট। হিমির ভাষায়, “দেশে কখনো কনসার্ট দেখিনি। এবারই প্রথম, তা-ও আবার বিদেশে। শুধু গান নয়, ওরা অনেক কিছু শেয়ারও করেছে। জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।”
কনসার্টের টিকিট নিয়ে তিনি বলেন, “কেটির টিকিট আট মাস আগে কেটেছিলাম। দুয়া লিপার টিকিট শেষ মুহূর্তে ভাইয়ের মাধ্যমে জোগাড় করি। কেটির কনসার্ট সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল।”
সাম্প্রতিক সময়ে হিমির তিনটি নাটক পেয়েছে পাঁচ কোটির বেশি ভিউ এবং তার অভিনীত ১৩০টি নাটক অতিক্রম করেছে কোটি ভিউয়ের মাইলফলক। এ প্রসঙ্গে তিনি বলেন, “খবরটা জেনে ভালো লেগেছে, তবে চাপও বেড়েছে। জানেন তো, মুকুট অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন।”
কানাডায় বাঞ্জি জাম্পিংয়ের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন তিনি। “২১০ ফুট ওপরে উঠে নিচে তাকাতেই শরীর জমে গিয়েছিল। শেষ মুহূর্তে লাফ দিয়েছিলাম, তবে পরে অসুস্থ হয়ে পড়েছিলাম।”
চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনা প্রসঙ্গে হিমির সোজাসাপ্টা উত্তর—“নাটক নিয়েই খুশি আছি। দর্শকরা নাটকের মাধ্যমেই আমাকে আপন করে নিয়েছে। তাই আপাতত বড় পর্দার চিন্তা করছি না।