কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে বিএনপি ও জামায়াত প্রার্থী
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামায়াত-সমর্থিত অ্যাডভোকেট তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার সোলায়মান আলী ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট ফখরুল ইসলাম ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার পান ১০৭ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সরদার মো. তাজুল ইসলাম ১২১ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট আবুল কাশেম পান ১১২ ভোট।
২৪৯ জন ভোটারের মধ্যে ২৪১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৬টি ভোট বাতিল হয় এবং ২টি ব্যালটে সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করা হয়নি।
এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।