‘ষড়যন্ত্রে বিএনপিকে দমানো যায়নি, যাবে না’ : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে দমাতে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চলছে। তবে লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই দলটি গড়ে উঠেছে, উড়ে এসে জুড়ে বসেনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ কাজে লাগাতে বিএনপি প্রস্তুত। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো—এ দলকে ভেঙে ফেলার বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনোটি সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, “একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল কিংবা যাদের জন্মই হয়েছে অল্পদিন আগে, তারাও বিএনপিকে নিয়ে সমালোচনা করে। অথচ এই দলই জনগণের শক্তিতে টিকে আছে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তিগত নামে নয়, স্লোগান হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে।