হেরা ফেরি’র বাবুরাও চরিত্র ব্যবহার নিয়ে কপিল শর্মার বিরুদ্ধে আইনি নোটিশ
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘হেরা ফেরি’-র বিখ্যাত চরিত্র ‘বাবুরাও’ অনুমতি ছাড়া ব্যবহার করার অভিযোগ উঠেছে কপিল শর্মার বিরুদ্ধে। এ নিয়ে সিনেমাটির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা কপিল শর্মাকে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
প্রযোজকের দাবি, ‘বাবুরাও’ শুধু একটি চরিত্র নয়, বরং পুরো সিনেমার প্রাণ। পরেশ রাওয়ালের অভিনয়ে তৈরি এ চরিত্র তাদের পরিবারের মালিকানাধীন নিবন্ধিত ট্রেডমার্ক। তাই অনুমতি ছাড়া চরিত্রটির ব্যবহার সরাসরি আইন ভঙ্গের শামিল।
এ বিষয়ে সিনেমাটির পরিচালকের আইনজীবী সানা রইস খান বলেন, এটি কেবল কপিরাইট ভঙ্গ নয়, বরং স্পষ্ট চুরির ঘটনা।
একইসঙ্গে প্রযোজক নেটফ্লিক্স ও অনুষ্ঠান নির্মাতাদের ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়া, কনটেন্ট সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আর এমন কাজ না করার প্রতিশ্রুতি দেওয়ারও দাবি জানিয়েছেন।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে কপিল শর্মা বা নেটফ্লিক্সের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।