নিউইয়র্কে ড. ইউনূসের সফরসঙ্গী আখতার হোসেনের ওপর হামলা
নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাকে গালিগালাজ করা হয়।
ডা. তাসনিম জারা আরও বলেন, এটি কেবল আখতার হোসেনকে ব্যক্তিগতভাবে টার্গেট করার ঘটনা নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের কারণেই এ হামলা হয়েছে। কারণ তিনি এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন, যারা ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে নিয়মিত কাজ করে যাচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির কিছু ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়তে দেখা গেছে।